নাটোর প্রতিনিধি: নাটোর রেলওয়ে স্টেশন থেকে জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ৯টার দিকে শহরের কাফুরিয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোর নামের একটি বস্ত্রালয় থেকে এটি উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকানটির এক কর্মচারী অন্তর সাহাকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তবে পর্যটকের ব্যাগে থাকা ক্যামেরা ও অন্যান্য কাগজপত্র উদ্ধার হয়নি। ল্যাপটপ নিয়ে পালিয়ে যাওয়া সিসিটিভি ফুটেজে শনাক্ত যুবককেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রোববার রাত ১০টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক। তিনি বলেন, পর্যটকের হারানো মালামাল উদ্ধারে গোয়েন্দা পুলিশসহ একাধিক দল কাজ করছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে ল্যাপটপটি বিভিন্ন স্থানে সরিয়ে নেওয়া হচ্ছিল। শেষ পর্যন্ত সেটি উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে মূল অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, ল্যাপটপ উদ্ধারে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করেছে। শনিবার রাতেও পুলিশের একটি দল লালমনিরহাট জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। পরে রোববার সন্ধ্যার পর গোপন তথ্যের ভিত্তিতে শহরের কাফুরিয়াপট্টি এলাকার নূর ক্লথ স্টোরে অভিযান চালানো হয়।
ওসি বলেন, দোকানে গিয়ে পুলিশ অন্তর কুমার সাহার সঙ্গে কথা বলে। এ সময় তিনি জানান, তাঁর বাবা একটি ল্যাপটপ কুড়িয়ে পেয়েছেন। পরে রাত ৯টার দিকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। রাত পৌনে ১০টার দিকে সেটিসহ অন্তরকে থানায় নেওয়া হয়। যাচাই-বাছাইয়ের পর উদ্ধার হওয়া ল্যাপটপটি জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডারের বলে নিশ্চিত হয় পুলিশ। এরপর তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়।
পুলিশ সুপার আরও জানান, ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে শনাক্ত ও গ্রেপ্তারে জনসাধারণের সহযোগিতা চাওয়া হয়েছে। অভিযুক্তের ছবি সংবলিত পোস্টার রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে। সঠিক তথ্য দিয়ে সহায়তাকারীদের পুরস্কৃত করার ঘোষণাও দেওয়া হয়েছে। বাকি মালামাল উদ্ধার এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


