জুলাই জাতীয় সনদে স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি জানিয়েছে, তাদের তিনটি দাবি পূরণ না হলে জুলাই সনদে স্বাক্ষর করবে না।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ঢাকায় দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদের আইনিভিত্তি ছাড়া অর্ডারে স্বাক্ষর করা মূল্যহীন হবে। সেই বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা অনুষ্ঠানে অংশীদার হবো না।”
সংবাদ সম্মেলনে এনসিপি যে তিন দফা দাবি তোলে, তা হলো—
জুলাই সনদ বাস্তবায়ন আদেশের খসড়া স্বাক্ষর অনুষ্ঠানের আগেই প্রকাশ করতে হবে। এই আদেশ জনগণের সার্বভৌম অভিপ্রায় অনুযায়ী প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জারি করবেন।
জুলাই সনদের ৮৪টি সংস্কারের বিষয়ে গণভোট নিতে হবে, যেখানে নোট অব ডিসেন্টের আলাদা কোনো কার্যকারিতা থাকবে না। গণভোটের প্রশ্ন আগেই নির্ধারণ করে রাজনৈতিক দলগুলোকে জানাতে হবে।
গণভোটে জনগণের পক্ষে রায় এলে, সেই রায় অনুযায়ী আগামী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার করবে। নতুন সংবিধানের নাম হবে ‘বাংলাদেশ সংবিধান, ২০২৬’।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই ঘোষণাপত্রের টেক্সট আগেই পরিবর্তন করা হয়েছিল। তিনি বলেন, “আগে যে অংশ দেখানো হয়েছে, ঘোষণাপত্র পাঠের সময় সেটা পরিবর্তন হয়েছিল। সেটি অনেক কম্প্রমাইজড ডকুমেন্ট হয়েছে।”
তবে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রীয়াজ বলেছেন, “শুক্রবার জুলাই সনদ স্বাক্ষরের সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা এখনো আশা করছি, এনসিপি শেষ পর্যন্ত স্বাক্ষর করবে।”
