মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ইসরায়েলের অতি-ডানপন্থী মন্ত্রীরা গাজা উপত্যকায় আবারও আক্রমণ শুরু করার আহ্বান জানিয়েছেন। রোববার (১৯ অক্টোবর) আল জাজিরা জানিয়েছে, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এক্স-পোস্টে বলেন, তিনি চান ইসরায়েলি বাহিনী ‘সর্বোচ্চ শক্তির সঙ্গে গাজা উপত্যকায় সম্পূর্ণরূপে যুদ্ধ পুনরায় শুরু করুক’।

আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে, আজ সকালে গাজাজুড়ে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ একটি এক শব্দের পোস্টে যুদ্ধ চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন: “যুদ্ধ!” প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলি বলেন, “যতদিন হামাস থাকবে, যুদ্ধ থাকবেই।”

নেতানিয়াহুর মন্ত্রিসভার আরেক সদস্য আভি ডিচটার পরিস্থিতিকে ‘কঠিন ও জটিল’ হিসেবে বর্ণনা করেছেন। তিনি হামাসকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে বলেন, “সমস্ত জীবিত জিম্মি আমাদের হাতে, পরিস্থিতি বদলে গেছে। ইসরায়েল হামাসকে নিরস্ত্র করার ক্ষেত্রে হাল ছাড়বে না।”

এর আগে মার্কিন মধ্যস্থতায় হামাস ও ইসরায়েল কয়েকদিন আগে একটি যুদ্ধবিরতি চুক্তিতে সই করলেও, ইসরায়েলি মন্ত্রীদের সাম্প্রতিক মন্তব্য চুক্তি কার্যকর হওয়া নিয়ে সন্দেহ সৃষ্টি করছে।

Share.
Exit mobile version