মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচন কমিশন (ইসি)-কে ‘স্বেচ্ছাচারিতা’ ও বিধি লঙ্ঘনের অভিযোগে কঠোর সমালোচনা করেছে। নিবন্ধনের প্রক্রিয়ায় ‘শাপলা’ প্রতীকের বরাদ্দ সংক্রান্ত ইসির চিঠির জবাবে এনসিপি বলেছে, কমিশন তাদের ইচ্ছামতো প্রতীক বরাদ্দ দেওয়ার হুমকি দিচ্ছে।

এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, দলটি ২২ জুন রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের আবেদন এবং ‘শাপলা’ প্রতীক সংরক্ষণের অনুরোধ জানিয়েছে। এর পরপরই ৩ আগস্ট, ২৪ সেপ্টেম্বর ও ৭ অক্টোবর পুনরায় চিঠির মাধ্যমে প্রতীকের তিনটি বিকল্প—শাপলা, সাদা শাপলা ও লাল শাপলা—বরাদ্দ দেওয়ার আবেদন জানানো হয়।

দলটির অভিযোগ, ইসি সচিবালয় বারবার আবেদন উপেক্ষা করে ১৩ অক্টোবর একটি চিঠি পাঠিয়েছে, যা তারা ‘বিধি-বহির্ভূত’, ‘অনাকাঙ্খিত’, ‘স্বেচ্ছাচারী’ ও ‘বেআইনি’ আখ্যা দিয়েছে। এনসিপি উল্লেখ করেছে, কমিশনকে লিখিতভাবে জানাতে হবে কোন নীতিমালা বা মানদণ্ডের ভিত্তিতে ‘শাপলা’ প্রতীক তালিকাভুক্ত প্রতীকের বাইরে রাখা হয়েছে।

এনসিপি আরও দাবি করেছে, নির্বাচন কমিশনকে রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এর বিধি ৭(২) এবং তফসিল ফরম-২ অনুসারে প্রতীকের নাম প্রকাশ করতে হবে। বিধি অনুসরণ না করলে কমিশন জনসাধারণের সঙ্গে স্বচ্ছতা ও জবাবদিহিতা এড়াচ্ছে।

দলের বিবৃতিতে বলা হয়েছে, “বর্তমান কমিশন কি ‘ফ্যাসিবাদী আমলের’ নির্বাচনী পদ্ধতি থেকে আলাদা হতে পারছে না এবং দেশবাসীকে পুনরায় সংকটের দিকে ঠেলে দিচ্ছে?” এই কারণে এনসিপি আশা করছে, ইসি দ্রুত ২০০৮ সালের বিধি অনুযায়ী তাদের প্রার্থিত প্রতীক—শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা—বরাদ্দ দেবে।

Share.
Exit mobile version