শুক্রবার | মার্চ ২০ | ২০২৬

৩৭.৬৫% হ্যাঁ ভোট, ৬২.৩৫% নীরবতা—জনগণের মত কি সত্যিই প্রতিফলিত হলো? যাদের অঙ্ক কঠিন মনে হয়, তাদের জন্য বিষয়টি খুবই সরল। মোট ভোটার ১২ কোটি ৭৭ লক্ষ। এর মধ্যে “হ্যাঁ” ভোট পড়েছে ৪,৮০,৭৪,৪২৯, অর্থাৎ মোট ভোটারের ৩৭.৬৫%। অন্যদিকে “না” ভোট, বাতিল ভোট এবং যারা ভোটই দেননি সব মিলিয়ে দাঁড়ায় ৬২.৩৫%। অর্থাৎ সংখ্যার সরল ভাষায়, মোট ভোটারের প্রায় দুই-তৃতীয়াংশ “হ্যাঁ” মতামতের বাইরে অবস্থান করছে।

এখানেই মূল প্রশ্নটি তৈরি হয় মাত্র ৩৭.৬৫% মতামতের উপর ভিত্তি করে কি পুরো জনগণের সম্মিলিত সিদ্ধান্ত নির্ধারণ করা যায়? নাকি এই ফলাফল আমাদের মনে করিয়ে দেয় যে একটি বড় অংশ হয় দ্বিমত পোষণ করেছে, নয়তো তাদের মতামত প্রকাশের সুযোগ বা আগ্রহ কোনোটিই পুরোপুরি প্রতিফলিত হয়নি? গণতন্ত্রের সৌন্দর্যই হলো, শুধু যারা কথা বলে তারাই নয়, যারা নীরব থাকে তাদের উপস্থিতিও সমান গুরুত্বপূর্ণ।

রাজনীতির বাস্তবতায় আবেগ, প্রভাব এবং পরিস্থিতি অনেক সময় সিদ্ধান্তকে প্রভাবিত করে। কেউ বিশ্বাস থেকে ভোট দেয়, কেউ প্রতিক্রিয়া থেকে, আবার কেউ নীরব থেকে নিজের অবস্থান জানায়। কিন্তু ইতিহাসের একটি নিজস্ব নিয়ম আছে তাৎক্ষণিক সাফল্য নয়, বরং সময়ের পরীক্ষায় টিকে থাকা গ্রহণযোগ্যতাই শেষ পর্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

এই প্রেক্ষাপটে স্পষ্ট যে, কেবল একটি ফলাফল নয়, বরং তার পেছনের সংখ্যাগুলোর উপর ভিত্তি করেই বাস্তবতা বোঝা প্রয়োজন। সমঝোতা, যুক্তি এবং আইনের ভিত্তিতেই দীর্ঘমেয়াদি স্থিতি আসে। কারণ রাষ্ট্র পরিচালনা কখনো একক আবেগের উপর দাঁড়িয়ে থাকে না; এটি দাঁড়িয়ে থাকে বহুমতের ভারসাম্য, দায়িত্ববোধ এবং ভবিষ্যতের জবাবদিহিতার উপর।

Share.
Exit mobile version