ওয়াসিম আকরাম, নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে আদালতে মুচলেকা দিয়ে ফের বাদীকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে কয়েকজনের বিরুদ্ধে। একই সঙ্গে ক্ষমতার প্রভাব খাটিয়ে একটি ক্যানেল থেকে মাছ শিকারের অভিযোগও করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার হাতুর ইউনিয়নের সাগরাইল-গোকুলপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা গেছে।
ভুক্তভোগী বেলাল হোসেন গোকুলপুর গ্রামের রইচ উদ্দিনের ছেলে। তাঁর অভিযোগ, পৈতৃক সম্পত্তির সামনে একটি ক্যানেল রয়েছে। জমির সঙ্গে সংলগ্ন ওই ক্যানেলে দীর্ঘদিন ধরে শুকনো মৌসুমে স্থানীয়রা মাছ ধরে তা শান্তিপূর্ণভাবে ভাগ করে নেন। তবে পার্শ্ববর্তী দিঘীপাড়া গ্রামের মেহেদী হাসান, মইনুল ইসলাম ও মুস্তাফিজুর রহমানসহ অজ্ঞাতনামা ১০-১৫ জন সেখানে প্রভাব খাটিয়ে মাছ শিকার করে আসছেন।
বেলাল হোসেন বলেন, ক্যানেলে মাছ ধরতে বাধা দেওয়ায় অভিযুক্তরা তাঁকে মারধর ও হত্যার হুমকি দেন। এ ঘটনায় তিনি নওগাঁর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ১০৭ ধারায় মামলা করেন। পরে অভিযুক্ত ব্যক্তিরা আদালতে সশরীরে হাজির হয়ে ভবিষ্যতে তাঁকে ভয়ভীতি দেখানো বা হুমকি না দেওয়ার বিষয়ে মুচলেকা দেন।
বেলালের অভিযোগ, আদালতে মুচলেকা দেওয়ার পরও মঙ্গলবার অভিযুক্ত ব্যক্তিরা আবারও তাঁকে হত্যার হুমকি দেন। পরে ক্ষমতার প্রভাব খাটিয়ে ক্যানেল থেকে মাছ ধরে নিয়ে যান। এতে তিনি ও স্থানীয় বাসিন্দা মোখলেসার রহমান, মোশারফ হোসেন, আজিজার রহমান জানান দীর্ঘদিন ধরে বেলাল গংরা দীর্ঘদিন ধরে ক্যানেলটি ভোগদখল করে আসছিলেন কিন্তু বিবাদীরা ক্যানেলটি ভোগদখল করার চেষ্টা করছে।
অভিযোগের বিষয়ে মেহেদী হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তা অস্বীকার করেন। তিনি বলেন, ক্যানেলটি সরকারি এবং সেখানে সবার মাছ ধরার অধিকার রয়েছে। তবে বেলাল হোসেনসহ কয়েকজন ক্যানেলটি দখল করে মাছ শিকার করছেন বলে পাল্টা অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী বেলাল হোসেন ও স্থানীয় বাসিন্দারা ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
Previous Articleবোয়ালমারীতে হামের উপসর্গ নিয়ে ৮ মাসের শিশুর মৃত্যু

