ভারতে সফররত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান জানিয়েছেন, বাংলাদেশ কোনো দেশ বা অঞ্চলের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ সমর্থন করে না। বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লিতে আয়োজিত সপ্তম জাতীয় উপদেষ্টা সম্মেলন কলম্বো নিরাপত্তা কনক্লেভে তিনি বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
উপদেষ্টা খলিলুর রহমান আরও উল্লেখ করেন, বাংলাদেশ শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং সুরক্ষিত ভারত মহাসাগরের নীতি সমর্থন করে। আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নীতির প্রতি শ্রদ্ধা বজায় রাখা গুরুত্বপূর্ণ বলে তিনি বলেন।
তিনি সাইবার নিরাপত্তার ওপরও জোর দেন এবং বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি সুরক্ষিত রাখতে হবে। এ ছাড়া নাগরিকদের নিরাপত্তা, গোপনীয়তা ও কল্যাণ নিশ্চিত করা এবং আঞ্চলিক বা বৈশ্বিক সম্প্রদায়ের জন্য কোনো হুমকি সৃষ্টি না হওয়াই বাংলাদেশের অঙ্গীকার।
