সোমবার | মার্চ ২ | ২০২৬

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আগামী ২৫ ও ২৬ নভেম্বর দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন জানান, সাকিবকে ২৬ নভেম্বর সকাল ১০টায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের আরেকটি অনুসন্ধানও চলছে, যার তথ্য একই দিন নেওয়া হবে।

এজাহারে বলা হয়েছে, প্যারামাউন্ট ইনস্যুরেন্স, ক্রিস্টাল ইনস্যুরেন্স ও সোনালী পেপারসের কারসাজি করা শেয়ারে বিনিয়োগ করে সাকিব ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি অপরাধলব্ধ অর্থ অর্জন করেছেন। মামলার অন্য আসামিরা ক্ষমতার অপব্যবহার, প্রতারণামূলক লেনদেন, গ্যাম্বলিং স্পেকুলেশনসহ নানা পদ্ধতিতে শেয়ারের দাম কৃত্রিমভাবে বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের ২৫৬ কোটি টাকার বেশি ক্ষতি করেছেন। আসামি আবুল খায়েরের নামে ৫৪২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যও তদন্তে পাওয়া যায়।

Share.
Exit mobile version