চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়াল উঠে আসায় ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট প্রায় ২৬ মিনিট বিলম্বে উড্ডয়ন করেছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মো. ইব্রাহিম খলিল জানান, বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ইউএস-১০৬ ফ্লাইটটির উড্ডয়নের প্রস্তুতি চলছিল। ঠিক সেই সময় রানওয়েতে একটি শিয়াল দেখা যায়। বিষয়টি নজরে আসার পর পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে গিয়ে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে নিরাপদ করে।
পরে সবকিছু নিশ্চিত হওয়ার পর ফ্লাইটটি দুপুর ১২টা ৬ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে। চট্টগ্রাম বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রতিটি ফ্লাইট ওঠানামার আগে নিয়মিতভাবে রানওয়ে পরীক্ষা করা হয়। তবে রানওয়ের পাশ ঘেঁষে থাকা জঙ্গল ও ঝোপঝাড়ের কারণে মাঝে মাঝে শিয়াল, সাপ বা কুকুরের মতো বন্যপ্রাণী রানওয়েতে উঠে আসে। কর্তৃপক্ষ বলছে, এ ধরনের পরিস্থিতি এড়াতে নজরদারি আরও বাড়ানো হয়েছে।
