বাংলাদেশের শিল্পাঙ্গনে দীর্ঘদিন ধরে নিজস্ব শিল্পভাষা নির্মাণে কাজ করে চলেছেন শিল্পী ও প্রিন্টমেকার রুহুল আমিন তারেক। তাঁর শিল্পচর্চা এবার পেল আন্তর্জাতিক অঙ্গনের আরেক গুরুত্বপূর্ণ স্বীকৃতি। তিনি যুক্তরাজ্যের Global Talent Visa অর্জন করেছেন Arts and Culture ক্ষেত্রে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রিন্টমেকিং বিভাগ থেকে বিএফএ ও এমএফএ সম্পন্ন করা রুহুল আমিন তারেক মূলত প্রিন্টমেকিংকে কেন্দ্র করে তাঁর শিল্পভাষা গড়ে তুলেছেন। একই সঙ্গে তিনি চিত্রশিল্পী ও সংগীতশিল্পী হিসেবেও সক্রিয়। দেশে–বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রদর্শনীতে তাঁর শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, জাপান ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক শিল্প আয়োজনে তাঁর অংশগ্রহণ রয়েছে।
শিল্পচর্চায় তাঁর অর্জনের ঝুলিও সমৃদ্ধ। জাতীয় চারুকলা প্রদর্শনী, Young Artist Art Exhibition এবং Berger Young Painters Art Competition সহ বিভিন্ন আয়োজনে তিনি পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। এর মধ্যে ২০১৭ সালের ২২তম জাতীয় চারুকলা প্রদর্শনীতে প্রিন্টমেকিং বিভাগে AB Bank Award এবং ২০১৬ সালের Young Printmaker Award উল্লেখযোগ্য।

Global Talent Visa যুক্তরাজ্যের একটি বিশেষ ভিসা ব্যবস্থা যার মাধ্যমে শিল্প, সংস্কৃতি, বিজ্ঞান, গবেষণা, ডিজিটাল প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ প্রতিভা বা সম্ভাবনাময়নেতৃত্বের স্বীকৃতি পাওয়া ব্যক্তিদের যুক্তরাজ্যে কাজ ও বসবাসের সুযোগ দেওয়া হয়। Arts and Culture ক্ষেত্রে আবেদনকারীর পেশাগত সাফল্য, স্বীকৃতি, প্রদর্শনী, পুরস্কার এবং নিজক্ষেত্রে ভবিষ্যৎ অবদানের সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে মূল্যায়ন করা হয়।
রুহুল আমিন তারেকের এই অর্জন তাঁর ব্যক্তিগত সাফল্য হলে আন্তর্জাতিক শিল্পপরিসরে বাংলাদেশের অবস্থান আরও দৃঢ় করার একটি পদক্ষেপ। তাঁর দীর্ঘদিনের শিল্পচর্চা, দেশ–বিদেশে প্রদর্শনীতে অংশগ্রহণ এবং অর্জিত স্বীকৃতির ধারাবাহিকতায় Global Talent Visa অর্জন তাঁর শিল্পযাত্রায় নতুন একটি অধ্যায়ের সূচনা করেছে।

