চলতি বছরের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন হাঙ্গেরির লেখক লাসলো ক্রাসনাহোরকাই।
তার রচনাগুলোতে বহুমাত্রিক চিন্তাধারা, হতাশা, অস্তিত্ব সংকট ও বিষণ্নতার বিষয় গভীরভাবে বিশ্লেষিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রয়্যাল সুইডিশ একাডেমি সাহিত্যে ২০২৫ সালের নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করে। স্টকহোম থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, নোবেল জুরি বোর্ড এক বিবৃতিতে বলে, “তার শক্তিশালী ও দূরদর্শী রচনা মহাপ্রলয়ের ভয়ের মাঝেও শিল্পের শক্তিকে প্রতিবিম্বিত করে।”
৭১ বছর বয়সী ক্রাসনাহোরকাইকে এক বিবৃতিতে জুরি বোর্ড বর্ণনা করেছে “মধ্য ইউরোপীয় ঐতিহ্যের একজন মহাকাব্যিক লেখক” হিসেবে—যার সাহিত্যিক ধারা ফ্রান্জ কাফকা থেকে টমাস বার্নহার্ড পর্যন্ত বিস্তৃত।
তবে তারা আরো বলেছে, ক্রাসনাহোরকাইয়ের লেখায় রয়েছে এক অনন্য মননশীলতা—যেখানে তিনি পাশ্চাত্য দর্শনের পাশাপাশি প্রাচ্যের ভাবনাকেও সৃষ্টিশীলভাবে অনুসন্ধান করেছেন।
গত বছর এই পুরস্কার পান দক্ষিণ কোরিয়ার লেখিকা হান কাং, প্রথম এশীয় নারী হিসেবে।
পশ্চিমা শ্বেতাঙ্গ পুরুষ লেখকদের দীর্ঘদিনের প্রাধান্যের কারণে সমালোচিত সুইডিশ একাডেমি ২০১৮ সালের ‘#MeToo’ কেলেঙ্কারির পর ব্যাপক সংস্কারের মধ্য দিয়ে যায় এবং বৈশ্বিক ও লিঙ্গসমতা ভিত্তিক সাহিত্য পুরস্কারের প্রতিশ্রুতি দেয়।
১৯০১ সালে নোবেল পুরস্কার চালু হওয়ার পর থেকে সাহিত্যে এখন পর্যন্ত ১২২ জন বিজয়ী হয়েছেন,যাদের মধ্যে নারী লেখক মাত্র ১৮ জন।
আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেল পুরস্কার,আর ১৩ অক্টোবর অর্থনীতির নোবেল ঘোষণার মধ্য দিয়ে শেষ হবে এ বছরের নোবেল মৌসুম।
প্রতিটি নোবেল পুরস্কারে থাকে একটি সনদ, একটি স্বর্ণপদক ও ১২ লাখ মার্কিন ডলার সমমূল্যের অর্থ।
যদি একাধিক বিজয়ী থাকেন, পুরস্কারের অর্থ তাদের মধ্যে ভাগ হয়ে যায়।
আগামী ১০ ডিসেম্বর, আলফ্রেড নোবেলের মৃত্যুবার্ষিকীতে, সুইডেনের রাজা কার্ল ষোড়শ গুস্তাফের কাছ থেকে স্টকহোমে এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীরা পুরস্কার গ্রহণ করবেন।
