ওয়াসিম আকরাম, নওগাঁ প্রতিনিধি: নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নওগাঁর মান্দা উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কাশোপাড়া গ্রামে নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে নির্মিত এ রাস্তায় দীর্ঘদিনের যোগাযোগ দুর্ভোগ থেকে স্বস্তি পেয়েছেন এলাকার প্রায় ৫০টি পরিবারের মানুষ।
স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি ও চলাচলের দুর্ভোগ বিবেচনায় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে রাস্তাটি বাস্তবায়ন করা হয়েছে। কাশোপাড়া গ্রামের সুভানের বাড়ি থেকে পুকুরের পশ্চিম-উত্তর পাশ দিয়ে মহসিনের বাড়ি পর্যন্ত রাস্তাটি নির্মাণ করা হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে এ পথে ভালো কোনো রাস্তা না থাকায় বর্ষা এলেই কাদাপানিতে পথটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ত। শুকনো মৌসুমে ছিল ধুলোময় পথ। এতে শিশুদের স্কুলে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে চিকিৎসকের কাছে নেওয়া এবং প্রয়োজনীয় কাজে বাইরে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। কৃষিপণ্য আনা-নেওয়ার ক্ষেত্রেও বাড়তি বিড়ম্বনায় পড়তে হতো তাঁদের।
স্থানীয় বাসিন্দা মহসিন, রহিদুল ও আব্দুস সালাম বলেন, নির্বাচনের আগে সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এ রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করায় আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। রাস্তাটি আরও আগে নির্মাণ হওয়ার কথা থাকলেও বর্ষার পানি জমে থাকায় কাজ কিছুটা বিলম্ব হয়েছে। এখন রাস্তা নির্মাণ হওয়ায় আমরা খুবই খুশি। দীর্ঘদিনের দুর্ভোগের পর আমাদের চলাচল অনেক সহজ হয়েছে।
তাঁরা আরও বলেন, নতুন রাস্তার কারণে শুধু মানুষের চলাচলই সহজ হয়নি, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি প্রয়োজনে যানবাহন চলাচলের সুযোগও তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষাকালে কাদাপানির ভোগান্তি থেকে এবার স্বস্তি পাবেন এলাকার মানুষ।
মান্দা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম বলেন, সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপুর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে রাস্তাটির নির্মাণকাজ করা হয়েছে। বর্ষায় পানি জমে থাকায় রাস্তাটির নির্মাণকাজ আগে সম্পন্ন করা সম্ভব হয়নি। পানি নেমে যাওয়ার পরপরই কাজ শুরু করে বর্তমানে রাস্তাটি নির্মাণ করা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে যোগাযোগ সমস্যায় থাকা এলাকার প্রায় ৫০টি পরিবারের চলাচলে সুবিধা হয়েছে।

