ওয়াসিম আকরাম, নিজস্ব প্রতিবেদক: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর মান্দা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মো. হামিদুর রহমান শাহানা গণসংযোগ করেছেন। গতকাল সন্ধ্যায় মান্দা ফেরিঘাট বাজার এলাকায় পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে নিজের নির্বাচনী লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয়দের সঙ্গে কথা বলে তাঁদের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মান্দা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও থানা বিএনপির সদস্য হামিদুর রহমান শাহানা ৪ নম্বর মান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশা ব্যক্ত করে ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়েছেন।
প্রচারপত্রে তিনি উল্লেখ করেন, মান্দা ইউনিয়ন একটি অবহেলিত জনপদ। ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে থেকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি দরিদ্র, দুস্থ, কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য কাজ করতে চান তিনি। একই সঙ্গে সমাজ থেকে অন্যায়, অত্যাচার, ঘুষ, দুর্নীতি ও মাদকের বিস্তার রোধ করে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন।
গণসংযোগকালে হামিদুর রহমান শাহানা বলেন, আমি নির্বাচিত হলে কোনো শ্রেণি-পেশা বা দল-মতের মানুষকে আলাদা করে দেখব না। মান্দা ইউনিয়নের মানুষের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সেবার মান নিশ্চিত করতে কাজ করতে চাই। এলাকার রাস্তা-ঘাট, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জনসেবার ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো চিহ্নিত করে মানুষের সঙ্গে পরামর্শের ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমি প্রতিশ্রুতির চেয়ে মানুষের পাশে থেকে কাজের মাধ্যমে আস্থা অর্জন করতে চাই।
তিনি আরও বলেন, চেয়ারম্যানের পদটি আমার কাছে ব্যক্তিগত মর্যাদার বিষয় নয়; এটি মানুষের সেবা করার একটি দায়িত্ব। তাই আসন্ন নির্বাচনে ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও মূল্যবান মতামত প্রত্যাশা করছি।
এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কাছে দোয়া চান।

