বুধবার | সেপ্টেম্বর ১৬ | ২০২৬

সদরপুর (ফরিদপুর):
আদালতের রায় অনুযায়ী ফরিদপুরের সদরপুর উপজেলার ১নং চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবন খেজুরতলা মোড়ে স্থাপনের দাবিতে সদরপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাওলানা রাশেদুল ইসলামের  নেতৃত্ব ও সার্বিক সহযোগিতায় চরবিষ্ণুপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক সাধারণ মানুষ এতে অংশগ্রহণ করেন। তাঁর নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ মানববন্ধনে সমবেত হন।

মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য বাচ্চু কাজী, আবুল কাসেম মোল্যা ও আব্দুল গফফার মিয়া। বক্তারা আদালতের রায় অনুযায়ী খেজুরতলা মোড়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন বলেন, ২০১৬ সালে চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ইউনিয়ন পরিষদ কার্যালয় নির্মাণের জন্য মোলামের ডাংগীর স্থানীয় বাসিন্দাদের কাছে জমি দেওয়ার অনুরোধ করা হয়েছিল। জমি দেওয়া হলে সেখানেই ইউপি কার্যালয় নির্মাণ করা হবে বলেও তিনি জানান। তবে তারা জমি না দেওয়ায় পরবর্তীতে মান্নান চৌধুরী খেজুরতলায় জমি দান করেন।

চেয়ারম্যান বলেন, খেজুরতলায় ইউপি কার্যালয় নির্মাণের প্রক্রিয়া শুরু হলে মোলামের ডাংগীর কয়েকজন ব্যক্তি হাইকোর্টে মামলা করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে হাইকোর্ট খেজুরতলায় ইউপি ভবন নির্মাণের পক্ষে রায় দেন। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও আপিলেও খেজুরতলায় ভবন নির্মাণের পক্ষে রায় বহাল থাকে বলে তিনি জানান।

তিনি আরও বলেন, আদালতের রায়ের পরও মোলামের ডাংগীর কতিপয় ব্যক্তি নির্মাণকাজে বিভিন্নভাবে বাধা সৃষ্টি ও নানা ধরনের জটিলতা তৈরি করছেন। আদালতের রায় দ্রুত বাস্তবায়নের মাধ্যমে খেজুরতলায় চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ শুরু করার দাবি জানান তিনি।

মানববন্ধনে বক্তারা বলেন, খেজুরতলা মোড় চরবিষ্ণুপুর ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ও কেন্দ্রীয় স্থান। এখানে ইউনিয়ন পরিষদ ভবন স্থাপন করা হলে ইউনিয়নের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ সহজেই পরিষদের সেবা গ্রহণ করতে পারবেন এবং পুরো ইউনিয়নের জনগণ এর সুফল ভোগ করবেন।

বক্তারা আদালতের রায় ও জনগণের দীর্ঘদিনের দাবিকে গুরুত্ব দিয়ে দ্রুত জটিলতা নিরসন করে খেজুরতলা মোড়েই ১নং চরবিষ্ণুপুর ইউনিয়ন পরিষদ ভবনের নির্মাণকাজ শুরু করার দাবি জানান।

মানববন্ধন আয়োজনে মাওলানা রাশেদুল ইসলাম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর আহ্বান ও নেতৃত্বে ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশগ্রহণ করেন। তিনি পুরো কর্মসূচির সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন।

এ সময় বিএনপি নেতা এ. কে. এম. কিবরিয়া ও বসির আহামেদ মানববন্ধনে সার্বিক সহযোগিতা করেন।

মানববন্ধন শেষে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)-এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Share.
Exit mobile version