সোমবার | আগস্ট ৩১ | ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে মিশিগান এমন একটি অঙ্গরাজ্য, যার নির্বাচনী ফলাফলের দিকে শুধু আমেরিকাবাসী নয়, বিশ্বের বিভিন্ন দেশের মানুষও গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে থাকেন। কারণ এটি একটি “ব্যাটলগ্রাউন্ড স্টেট” যেখানে রিপাবলিকান ও ডেমোক্র্যাট, উভয় দলেরই জয়ের বাস্তব সম্ভাবনা থাকে। তাই এই রাজ্যের ভোটের ফলাফল অনেক সময় পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এনে দেয়।

২০২৬ সালের ৪ আগস্ট (মঙ্গলবার) মিশিগানে প্রাইমারি নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেলো। এই নির্বাচনের মাধ্যমে রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে তাদের প্রার্থী চূড়ান্ত করেছে। এরপর ৩ নভেম্বর ২০২৬ অনুষ্ঠিত হবে সাধারণ নির্বাচন, যেখানে প্রাইমারিতে বিজয়ী প্রার্থীরা চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় অংশ নেবেন।

আমেরিকার গণতান্ত্রিক ব্যবস্থার একটি বড় শক্তি হলো প্রাইমারি নির্বাচন। সাধারণ নির্বাচনের আগেই দলীয় ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান। ফলে নেতৃত্ব নির্ধারণে জনগণের অংশগ্রহণ শুরু হয় প্রথম ধাপ থেকেই। এই ব্যবস্থাই যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে আরও অংশগ্রহণমূলক করে তুলেছে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতায় রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলই মিশিগানে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সীমান্ত নিরাপত্তা, অভিবাসন এবং শিল্পনীতি এসব বিষয় নিয়ে দুই দলই ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মিশিগানে ভালো ফলাফল জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে।

জনসংখ্যার একটি উল্লেখযোগ্য অংশ অভিবাসী। রাজ্যের মোট জনসংখ্যার প্রায় ৭–৮ শতাংশ বিদেশে জন্মগ্রহণকারী। তবে ডেট্রয়েট, ট্রয়, ডিয়ারবর্ন, স্টার্লিং হাইটস এবং আশপাশের এলাকায় বাংলাদেশি, আরব, ভারতীয়, পাকিস্তানি, চীনা, আফ্রিকানসহ বিভিন্ন দেশের মানুষের বসবাস রয়েছে। ফলে নির্বাচনের সময় অভিবাসী ভোটারদের সমর্থন দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে।

গত প্রেসিডেন্ট নির্বাচনে মিশিগানের গুরুত্ব ছিল চোখে পড়ার মতো। রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই রাজ্যে একাধিকবার নির্বাচনী সমাবেশ করেছেন। ডেমোক্র্যাট প্রার্থীরাও সমান গুরুত্ব দিয়ে প্রচারণা চালিয়েছেন। যুক্তরাষ্ট্রের এমন অনেক অঙ্গরাজ্য রয়েছে, যেখানে কোনো প্রার্থী হয়তো একবারও যান না। কিন্তু মিশিগানে বারবার আসার কারণ একটাই এই রাজ্যের ভোটের ফলাফল অনেক সময় পুরো নির্বাচনের চিত্র বদলে দিতে পারে। অল্প ভোটের ব্যবধানও জাতীয় পর্যায়ে বড় পরিবর্তনের কারণ হতে পারে।

মিশিগানকে যুক্তরাষ্ট্রের অটোমোবাইল শিল্পের প্রাণকেন্দ্র বলা হয়। বিশ্বের খ্যাতনামা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোর সদর দপ্তর, গবেষণা কেন্দ্র এবং উৎপাদন কার্যক্রমের একটি বড় অংশ এই রাজ্যে গড়ে উঠেছে। এখানে শুধু ব্যক্তিগত কার নয়, জিপ, পিকআপ ট্রাক, এসইউভি (SUV), ভ্যান এবং বিভিন্ন ধরনের বাণিজ্যিক যানবাহনও তৈরি হয়। আধুনিক প্রযুক্তি, দক্ষ জনশক্তি এবং দীর্ঘ শিল্প ঐতিহ্যের কারণে মিশিগান আজও যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান অটোমোবাইল উৎপাদন কেন্দ্র।

এই বিশাল শিল্পকে ঘিরে সরাসরি ও পরোক্ষভাবে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। প্রকৌশলী, প্রযুক্তিবিদ, কারখানার শ্রমিক, যন্ত্রাংশ প্রস্তুতকারী, পরিবহন, সরবরাহ ব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন সব মিলিয়ে অসংখ্য মানুষের জীবিকা এই শিল্পের সঙ্গে জড়িত। তাই কর্মসংস্থান, শিল্পায়ন এবং অর্থনৈতিক শক্তির দিক থেকে মিশিগানের গুরুত্ব যুক্তরাষ্ট্রে অত্যন্ত বেশি। যদিও কেন্টাকি, টেনেসি, ওহাইও, ইন্ডিয়ানা, আলাবামা, টেক্সাস, সাউথ ক্যারোলাইনা এবং জর্জিয়াসহ আরও কয়েকটি অঙ্গরাজ্যে গাড়ি উৎপাদন হয়, তবুও ইতিহাস, গবেষণা, প্রকৌশল এবং শিল্প নেতৃত্বের কারণে মিশিগান এখনও আমেরিকার অটোমোবাইল শিল্পের প্রতীক হিসেবে পরিচিত।

জীবনযাত্রার ব্যয়ের দিক থেকেও মিশিগান এবং আরও কয়েকটি ব্যয়বহুল অঙ্গরাজ্যের তুলনায় এখানে অনেক এলাকায় বাড়ির দাম ও বাড়িভাড়া তুলনামূলকভাবে কম। ফলে সীমিত বা মধ্যম আয়ের মানুষও পরিকল্পিতভাবে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারেন। উন্নত কর্মসংস্থান, তুলনামূলক কম জীবনযাত্রার ব্যয় এবং বহুসংস্কৃতির পরিবেশ এই তিনটি কারণে প্রতিবছর বহু নতুন অভিবাসী মিশিগানকে তাদের স্থায়ী ঠিকানা হিসেবে বেছে নেন।

বর্তমানে রিপাবলিকান পার্টি শিল্পাঞ্চল, ছোট ব্যবসায়ী, গ্রামীণ জনগোষ্ঠী এবং রক্ষণশীল ভোটারদের সমর্থন আরও সুসংহত করার চেষ্টা করছে। অন্যদিকে ডেমোক্র্যাটিক পার্টি বড় শহর, তরুণ ভোটার, শ্রমজীবী মানুষ, সংখ্যালঘু সম্প্রদায় এবং অভিবাসী ভোটারদের মধ্যে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে কাজ করছে। তাই মিশিগানের প্রতিটি ভোট দুই দলের কাছেই অত্যন্ত মূল্যবান।

সবশেষে বলা যায়, মিশিগানের নির্বাচন কেবল একটি অঙ্গরাজ্যের নির্বাচন নয়; এটি অনেক সময় পুরো যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হয়ে ওঠে। তাই রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের নজর সবসময় এই রাজ্যের দিকে থাকে। শেষ পর্যন্ত গণতন্ত্রের নিয়ম অনুযায়ী জনগণের রায়ই নির্ধারণ করবে কোন দল এই গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যের আস্থা অর্জন করবে। আর সেই রায় হয়তো যুক্তরাষ্ট্রের আগামী রাজনৈতিক দিকনির্দেশনাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share.
Exit mobile version