নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক নারীকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করার অভিযোগ তুলে এক ব্যক্তিকে মারধর, ভয়ভীতি প্রদর্শন এবং জোর করে স্ট্যাম্প ও ব্যাংকের চেকে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে মান্দা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিশ মোহাম্মদ (৩৪)। উপজেলার ভালাইন ইউনিয়নের বৈলশিং গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা হলেন আব্দুস সালাম, আব্দুল মতিন মাল, মিলন হোসেন, আব্দুল লতিফ, নূরনবী, আরাফাত হোসেন ও মনজুর রহমান।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর সকাল থেকে শিশ মোহাম্মদ ওরফে আল-মামুন স্যালো মেশিনের সাহায্যে নিজের জমিতে সেচ দিচ্ছিলেন। ওই দিন সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে আব্দুস সালাম কৌশলে তাঁকে বাড়ির ভেতরে নিয়ে যান। সেখানে আব্দুস সালামের নাতনিকে অসৎ উদ্দেশ্যে স্পর্শ করার অভিযোগ তোলা হয় তাঁর বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করলে তাঁর কাছে টাকা দাবি করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শিশ মোহাম্মদের দাবি, টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁকে হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে মিথ্যা মামলায় জড়ানোর ভয় দেখিয়ে ১০০ টাকা মূল্যমানের একটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে তাঁর স্বাক্ষর নেওয়া হয়। এ ছাড়া তাঁর স্ত্রীর মাধ্যমে জনতা ব্যাংকের সতিহাট শাখার একটি চেকের পাতায়ও স্বাক্ষর নেওয়া হয়। পরে তাঁকে প্রাণনাশসহ বিভিন্ন ধরনের হুমকি দিয়ে ছেড়ে দেওয়া হয়।
শিশ মোহাম্মদ অভিযোগ করে বলেন, স্থানীয় চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মাল তাঁর লোকজন নিয়ে জোরপূর্বক স্ট্যাম্প ও ব্যাংকের চেকে স্বাক্ষর নিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে আব্দুস সালামের স্ত্রী জাহানারা বলেন, তাঁর নাতনিকে জোর করে জড়িয়ে ধরে শ্লীলতাহানির চেষ্টা করায় শিশ মোহাম্মদকে হাতেনাতে আটক করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রামবাসী ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল মতিন মালের সহযোগিতায় মেয়েটির ভবিষ্যতের কথা বিবেচনা করে দুই লাখ ১০ হাজার টাকা জরিমানার পরিবর্তে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়।
ভালাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ঘটনার খবর পেয়ে তিনি সেখানে যান এবং উভয় পক্ষের বক্তব্য শুনে বিষয়টি মীমাংসার চেষ্টা করেন। তবে মেয়েপক্ষ আব্দুল মতিন মালকে ছাড়া সালিশে বসতে রাজি হয়নি। পরে তাঁর নেতৃত্বে মেয়েটির বিয়ের কথা বিবেচনা করে দুই লাখ ১০ হাজার টাকার পরিবর্তে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয় বলে তিনি জানান।
অভিযোগের বিষয়ে আব্দুল মতিন মাল বলেন, ঘটনার দিন সন্ধ্যার পর খবর পেয়ে তিনি সেখানে যান। তখন ইউপি চেয়ারম্যান, সদস্য, সাংবাদিকসহ শতাধিক গ্রামবাসী উপস্থিত ছিলেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী, অপরাধ স্বীকার করে শিশ মোহাম্মদ ওরফে আল-মামুন নিজেই টাকার পরিবর্তে চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর দিয়েছেন।
এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

