রাশেদুল ইসলাম খান:
মাদারীপুরের শিবচর উপজেলায় নিখোঁজের তিন দিন পর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কৃষিবিদ মোহাম্মদ শহীদুল ইসলাম (৫২)-এর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার সূর্যনগর বাজারসংলগ্ন হাইওয়ে এক্সপ্রেসওয়ের নিচের একটি আন্ডারপাস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মোহাম্মদ শহীদুল ইসলাম আন্তর্জাতিক কৃষি গবেষণা প্রতিষ্ঠান সিআইএমএমওয়াইটি (CIMMYT)-এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন। তার নৃশংস হত্যাকাণ্ডে পরিবার, সহকর্মী ও স্থানীয়দের মধ্যে গভীর শোক ও ক্ষোভ বিরাজ করছে।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ২১ জানুয়ারি ঢাকার গুলশানে একটি ব্যাংকে পে-অর্ডার জমা দিতে গিয়ে তিনি নিখোঁজ হন। ওইদিন থেকেই তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। পরদিন ২২ জানুয়ারি পরিবারের পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় হাইওয়ে এক্সপ্রেসওয়ের আন্ডারপাসের নিচে হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। পরে শিবচর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। নিহতের কাছে থাকা কাগজপত্র ও অন্যান্য তথ্যের ভিত্তিতে তার পরিচয় নিশ্চিত করা হয়।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক আলামত অনুযায়ী এটি একটি পরিকল্পিত ও নৃশংস হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। কে বা কারা এবং কী উদ্দেশ্যে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশের একাধিক তদন্ত দল কাজ করছে।
