ভোলা শহরের নতুন বাজার এলাকায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি–আন্দালিভ রহমান পার্থ) সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (০১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয়ে প্রায় এক ঘণ্টা ধরে চলে এ সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন। আহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও একজন সাংবাদিকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, নতুন বাজারে বিজেপি জেলা কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে নতুন বাজার থেকে প্রেসক্লাব পর্যন্ত এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। বেশ কয়েকটি দোকান, গাড়ি এবং রাজনৈতিক পোস্টার-ব্যানার ভাঙচুর করা হয়।
খবর পেয়ে পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পুরো শহরজুড়ে থমথমে পরিবেশ বিরাজ করছে।
ভোলা সদর হাসপাতাল সূত্র জানায়, সংঘর্ষে অন্তত ২০ জন চিকিৎসা নিয়েছেন। কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে। বর্তমানে নতুন বাজার ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
