জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দায়িত্ব নেওয়ার পর থেকেই বিরামহীনভাবে কাজ করে চলেছেন। নির্বাচনে জয়ের পর তিনি কঠোর পরিশ্রমের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি রক্ষা করতে গিয়ে এখন তাঁর স্বাস্থ্য ও কর্মঘণ্টা নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে।
৭ নভেম্বর বাজেট কমিটির প্রথম পার্লামেন্টারি বিতর্কের প্রস্তুতি নিতে তাকাইচি ভোররাত ৩টায় কার্যালয়ে পৌঁছান, যেখানে অধিবেশন শুরু হওয়ার কথা ছিল সকাল ৯টায়। বিষয়টি জানাজানি হতেই অনেক জাপানি বিস্ময় প্রকাশ করেন। আইনপ্রণেতারা সংসদে দাঁড়িয়েই তাঁর স্বাস্থ্যের প্রতি উদ্বেগ জানান। বিরোধীরা বলেন, প্রধানমন্ত্রীর এমন আচরণ কর্মীদের ওপর অযাচিত চাপ তৈরি করবে এবং দেশের কর্মসংস্কৃতিকে আরও বিপজ্জনক দিকে ঠেলে দেবে।
তাকাইচি জানান, তিনি অস্থায়ী বাসভবনে থাকায় লজিস্টিক সমস্যা হচ্ছে। তবে তাঁর প্রশাসন কর্মঘণ্টা শিথিল করার পক্ষে অবস্থান নিয়েই বিতর্ক বাড়িয়েছে। জরিপ বলছে, কর্মজীবী নারীদের একটি বড় অংশ তাঁকে সমর্থন করলেও প্রায় এক-তৃতীয়াংশ নারী উদ্বেগ প্রকাশ করেছেন—এটি দেশের কর্মজীবনে ভারসাম্যহীনতা বাড়াতে পারে।
