মঙ্গলবার | জুন ২ | ২০২৬

ফরিদপুর:

ফরিদপুরে উন্নয়ন প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ নিয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দেশ টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর ফরিদপুর প্রতিনিধি মো. আনিচুর রহমান। শনিবার (২৩ মে) আনিচুর রহমান ঠিকাদারসহ ৯ জনের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেছেন।

ফরিদপুরে সাংবাদিকের উপর হামলা

মামলার এজাহার সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ভাঙ্গা উপজেলার পীরেরচর সিসি রাস্তা ও আরএই হাটখোলা সড়ক উন্নয়ন প্রকল্পের প্রায় ১৪ কোটি ৫০ লাখ টাকার কাজ পায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ওই প্রকল্পের কাজে অনিয়ম ও নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে সাংবাদিক আনিচুর রহমান, স্টার নিউজের ফরিদপুর প্রতিনিধি আরিফুজ্জামান হিমন এবং আরটিভির ভাঙ্গা উপজেলা প্রতিনিধি মোসলেউদ্দিন ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেন।

অভিযোগ রয়েছে, এসময় অভিযুক্ত ঠিকাদার সাইদুর রহমান জেভির লোকজন সংবাদকর্মীদের তথ্য সংগ্রহে বাধা দেয় এবং সংবাদ প্রকাশ না করার জন্য ভয়ভীতি ও হুমকি প্রদান করে। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে সংবাদ প্রকাশ থেকে বিরত রাখতে টাকার প্রলোভনও দেখানো হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

সাংবাদিক আনিচুর রহমান অভিযোগ করেন, তিনি ওই প্রস্তাবে রাজি না হওয়ায় দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এমনকি তার চলাফেরাও নজরদারিতে রাখা হয়েছিল বলে দাবি করেন তিনি।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত মঙ্গলবার (২০ মে) বিকেল পৌনে ৪টার দিকে অসুস্থ স্ত্রীকে দেখতে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে যান আনিচুর রহমান। হাসপাতালের ভেতরে পৌঁছালে সাব্বির নামের এক যুবকসহ ৬ থেকে ৭ জন তাকে ঘিরে ধরে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে তারা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে বলে অভিযোগ করা হয়েছে। প্রাণ বাঁচাতে তিনি হাসপাতালের নতুন ভবনের ১০ম তলায় উঠে গেলেও অভিযুক্তরা সেখানে গিয়েও তাকে মারধর করে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযুক্তরা তাকে জোর করে লিফটে তুলে নেওয়ার চেষ্টা করলে তার চিৎকারে হাসপাতালের স্টাফ ও রোগীর স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। এসময় সুযোগ পেলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি। ঘটনার ভিডিও ফুটেজ হাসপাতালের সিসি ক্যামেরায় সংরক্ষিত রয়েছে বলেও দাবি করেন সাংবাদিক আনিচুর রহমান।

শনিবার (২৩ মে) সকালে সাংবাদিক আনিচুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ সংগ্রহ করা সাংবাদিকদের দায়িত্ব। একটি উন্নয়ন প্রকল্পের অনিয়ম নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি হামলার শিকার হয়েছেন। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি।

ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক হামলার শিকার হলে তা গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানান।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, সাংবাদিক আনিচুর রহমানের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে।

 

Share.
Exit mobile version