মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ফ্রান্সের রাজধানী প্যারিসে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রবাসীদের অধিকার রক্ষায় বিশেষ “প্রবাসী ট্রাইব্যুনাল” গঠনের দাবি জানানো হয়েছে। সম্প্রতি অবারভিলের “আমার বাংলা” হলে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)-এর প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ। সভার সভাপতিত্ব করেন কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির প্রেসিডেন্ট বিল্লাল হোসেন জামাল এবং সঞ্চালনা করেন কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম।

সভায় বক্তারা বলেন, দেশে আইনি জটিলতা ও দীর্ঘসূত্রিতার কারণে প্রবাসীরা প্রায়ই তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। বিনিয়োগ ও সম্পত্তি ঝুঁকির মুখে পড়লেও তারা দ্রুত প্রতিকার পান না। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, “প্রবাসীদের অধিকার নিশ্চিত না হলে তারা কখনোই ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে না।”

এইচআরপিবি সুইডেন শাখার সভাপতি গোলাম রাব্বানী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। কমিউনিটি নেতা আশরাফুল ইসলাম প্রবাসীদের বিদেশ থেকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেওয়ার পাশাপাশি প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, হবিগঞ্জ জেলার রাজনীতিক শাহজাহান শাহী, নরসিংদী জেলা সভাপতি আজম খান, ঢাকা বিভাগ সমিতির নেতা আসাদুজ্জামান সুমন এবং বরিশাল কমিউনিটি ফ্রান্স সমিতির সহসভাপতি আমিনুর রহমান ফারুক।

সভাপতির বক্তব্যে বিল্লাল হোসেন জামাল বলেন, প্রবাসীরা দীর্ঘদিন ধরেই অবহেলিত হয়ে আসছেন। তিনি জানান, প্রবাসীদের ভোটাধিকার এখনো রাজনৈতিক সমীকরণে আটকে আছে। তাই দলমত নির্বিশেষে প্রবাসীদের স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে প্রবাসী ট্রাইব্যুনাল গঠনের দাবিতে এগিয়ে আসা জরুরি।

Share.
Exit mobile version