নরসিংদীর সদর এলাকায় স্বামীর নিক্ষেপ করা পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে মারা গেছেন রিনা বেগম (৩৬) ও তাঁর ছেলে ফরহাদ (১৫)। বুধবার (২৯ অক্টোবর) তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
তিনি জানান, মঙ্গলবার সকাল পৌঁনে ১০টার দিকে রিনা বেগম এবং বেলা সাড়ে ১২টার দিকে ছেলে ফরহাদ চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ডা. শাওনের ভাষায়, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ভোরে রিনার স্বামী করিম পেট্রোল বোমা ছুড়ে ঘরে আগুন ধরিয়ে দেন। এতে স্ত্রী ও দুই সন্তান দগ্ধ হন।
দগ্ধ অবস্থায় রিনা, ফরহাদ ও তৌহিদকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। রিনার শরীরের ৫৮ শতাংশ, ফরহাদের ৪০ শতাংশ এবং তৌহিদের ১৬ শতাংশ দগ্ধ হয়েছিল। তাঁদের তিনজনকেই পরে ইনস্টিটিউটের এইচডিইউ ইউনিটে স্থানান্তর করা হয়।
পুলিশ জানায়, ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত স্বামী করিম। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
