মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পূর্ব গেটের বাইরে পড়ে থাকতে দেখা গেছে অজ্ঞাত এক বৃদ্ধ পুরুষের মরদেহ।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক।

গণমাধ্যমকে তিনি জানান,
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল নয়টার দিকে হাসপাতালের পূর্ব গেটের দেয়ালের পাশে একজন ভাসমান অসুস্থ ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন পথচারীরা।

বিষয়টি পুলিশকে জানালে পরে পাঁচলাইশ থানার চমেক ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশেক গণমাধ্যমকে বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মৃত ব্যক্তি পরিচয়বিহীন। তাকে হাসপাতালে এনে কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

চট্টগ্রাম মেডিকেলের পূর্ব গেটের স্থানীয় দোকানদাররা এই প্রতিবেদককে জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে ঘটনা স্থলে ভাসমান জীবনযাপন করে আসছিলেন। প্রায় সময় ওনাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখা যেত। তাদের অনেকেই তাকে খাবার-পানি এবং ওষুধপত্র দিয়ে সাহায্য সহযোগিতা করত। আজকে হঠাৎ দেখতে পান ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Share.
Exit mobile version