নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে কেন্দ্রের একটি ১৩২-৩৩ কেভি ট্রান্সফরমারে আগুন লাগে। খবর পেয়ে পলাশ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ভোর ৫টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। দীর্ঘ প্রচেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে ট্রান্সফরমারটি সম্পূর্ণ পুড়ে যায়।
পলাশ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল শহিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
অগ্নিকাণ্ডের কারণে ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত পলাশ উপজেলা ও আশপাশের কালীগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে সকাল সাড়ে ৯টার দিকে ধীরে ধীরে বিদ্যুৎ ফিরে আসে।
ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এনামুল হকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ব্যস্ততার কারণ দেখিয়ে পরে কথা বলার আশ্বাস দেন।
