ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তদন্তে নেমেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সড়কটি সরেজমিনে পরিদর্শন করে নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করেছেন নওগাঁ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ। নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত সড়কটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রকৌশল দপ্তর।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে থেকে গাইহানা উত্তরপাড়া ঈদগাহ পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক নির্মাণে ১ কোটি ৪ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দরপত্রের মাধ্যমে কাজটি পায় শওকত এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান।
এর আগে সড়কটির নির্মাণকাজে ইটভাটার পরিত্যক্ত রাবিশ, নিম্নমানের এবং নির্ধারিত মাপের চেয়ে বড় ইটের খোয়া ব্যবহারের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর নওগাঁ জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ সরেজমিনে সড়কটি পরিদর্শন করেন। এ সময় তিনি সড়কের বিভিন্ন অংশ থেকে নির্মাণসামগ্রীর নমুনা সংগ্রহ করেন।
সড়কটি পরিদর্শন শেষে সিনিয়র সহকারী প্রকৌশলী আবু সায়েদ বলেন, নির্মাণকাজে ব্যবহৃত সামগ্রীর নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনাগুলো পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে। পরীক্ষা সম্পন্ন হলেই নির্মাণসামগ্রীর গুণগত মান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী আব্দুল কাদের বলেন, নমুনা পরীক্ষার প্রতিবেদন না আসা পর্যন্ত সড়কটির নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

