বিশ্বখ্যাত মার্কিন ফার্মাসিউটিকাল প্রতিষ্ঠান জনসন অ্যান্ড জনসন (জে অ্যান্ড জে) যুক্তরাজ্যে বড় ধরনের আইনি জটিলতায় পড়েছে। অভিযোগ, তাদের বেবি পাউডারে ক্যান্সার–সৃষ্টিকারী উপকরণ ব্যবহার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিবিসি জানায়, তিন হাজারের বেশি মানুষ ‘অ্যাসবেসটস’–সমৃদ্ধ ট্যালকম পাউডার বিক্রির অভিযোগে কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযোগে বলা হয়, ১৯৬০-এর দশক থেকে জে অ্যান্ড জে তাদের পাউডারে ট্রেমোলাইট ও অ্যাক্টিনোলাইট নামের দুটি খনিজ ব্যবহার করে আসছে, যা অ্যাসবেসটস হিসেবে শ্রেণিভুক্ত—এবং ফুসফুসের ক্যান্সারের অন্যতম কারণ। এ উপকরণ থাকা সত্ত্বেও পণ্যের মোড়কে কোনো সতর্কতা দেওয়া হয়নি। বরং প্রতিষ্ঠানটি একে ‘বিশুদ্ধ ও নিরাপদ’ পণ্য হিসেবে প্রচার করেছে।
অন্যদিকে জনসন অ্যান্ড জনসন অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের পাউডার সব মানদণ্ড মেনে তৈরি এবং এতে অ্যাসবেসটস নেই।
২০২৩ সাল থেকে যুক্তরাজ্যে ট্যাল্কযুক্ত বেবি পাউডারের বিক্রি বন্ধ রয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, চলমান মামলাগুলোর নিষ্পত্তিতে প্রতিষ্ঠানটিকে শত কোটি পাউন্ড জরিমানা দিতে হতে পারে।
