রাজশাহী নগরীর কাদিরগঞ্জ এলাকায় এক বাড়িতে যৌথবাহিনী অভিযান চালিয়ে অস্ত্র, যোগাযোগ সরঞ্জাম ও বিস্ফোরক তৈরির উপকরণ আটক করেছে। এ ঘটনায় মুনতাসিরুল আলম অনিন্দ্যকে আটক করা হয়েছে। তিনি স্থানীয় রাজনীতিক পরিবারের সন্তান এবং অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে একাধিকবার গ্রেপ্তার হয়েছিলেন।
শনিবার (১৬ আগস্ট) ভোর থেকে সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাড়িটি ঘিরে রেখে তল্লাশি অভিযান চালান। আটক অনিন্দ্য মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শফিউল আলম লাটকুর ছেলে। তিনি ‘ডক্টর ইংলিশ’ নামে একটি কোচিং প্রতিষ্ঠানের মাধ্যমে ওই ভবনে কার্যক্রম পরিচালনা করছিলেন।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে দুটি বিদেশি এয়ারগান, একটি রিভলভার, বিভিন্ন ধরনের কার্তুজ, তিন বক্স এয়ারগান শিশা, ছয়টি দেশীয় অস্ত্র, একটি ট্রাজারগান, চারটি ওয়াকিটকি, একটি জিপিএস ডিভাইস, একটি বাইনোকুলার, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, ১০টি সিমকার্ড, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, ছয়টি মনিটর, তিনটি কম্পিউটার, তিনটি স্ক্যানার ও ৩৫ বোতল মদ। এছাড়া একটি চুম্বক (ম্যাগনেট) ও অন্যান্য ইলেকট্রনিক সরঞ্জামও উদ্ধার করা হয়।
উল্লেখ্য, বাড়িটি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের পৈত্রিক বাড়ি। আটক অনিন্দ্য তার আপন চাচাতো ভাই। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
অভিযানের বিষয়ে সেনাবাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য দুপুর পর্যন্ত পাওয়া যায়নি। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজীউর রহমান বলেন, “যৌথবাহিনীর অভিযান চলছে। সেনাবাহিনী ব্রিফিং করলে সাংবাদিকেরা বিস্তারিত জানতে পারবেন। মামলা দায়ের হওয়ার পর এ বিষয়ে পুলিশও বক্তব্য দেবে।”
তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, অনিন্দ্য ২০১৬ সালের হলি আর্টিজান হামলার পর ‘জঙ্গি সন্দেহে’ এবং একই বছরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছিলেন।


