মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের (বর্তমানে আভিভা ফাইন্যান্স লি.) মাধ্যমে ঋণ জালিয়াতি ও মানিলন্ডারিংয়ের তিন মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম, সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (১৫ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে বিষয়টি জানান দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

তিন মামলার অভিযোগে বলা হয়, নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘এ এম ট্রেডিং’, ‘মোস্তফা অ্যান্ড কোং’ ও ‘সাইফুল অ্যান্ড কোং’-এর নামে ২০১৩ সালে প্রায় ৯০ কোটি টাকার মেয়াদি ঋণ অনুমোদন ও বিতরণের পর তা এস আলম সুপার এডিবল অয়েল লিমিটেডে স্থানান্তর করা হয়। ঋণ অনুমোদনের সময় সিআইবি রিপোর্ট ও ঠিকানা যাচাই না করাসহ নানা অনিয়মের অভিযোগও রয়েছে।

প্রতিটি মামলায় ১৩ জন করে আসামি অভিযুক্ত। আসামিদের মধ্যে রয়েছেন এস আলম গ্রুপের ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ, পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ হাসান ও শাহানা ফেরদৌস; রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক কর্মকর্তারা রাশেদুল হক, নাহিদা রুনাই, কাজী আহমেদ জামাল ও জুমারাতুল বান্না।

দণ্ডবিধির ৪০৯, ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ১২০বি ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলাগুলো দায়ের করা হয়।

দুদক জানায়, তদন্ত প্রতিবেদন ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।

Share.
Exit mobile version