রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করার কিছুক্ষণের মধ্যেই এটি দুর্ঘটনার শিকার হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আইএসপিআর জানায়, বিধ্বস্ত বিমানটি বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমান ছিল।
দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধারকারী দল পৌঁছায়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা লিমা খান জানান, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার স্থানে ফায়ার সার্ভিসের মোট আটটি ইউনিট কাজ করছে।
এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে। এছাড়া আহত চারজনকে বিমানবাহিনীর হেলিকপ্টারে করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হয়েছে। বিমানবাহিনী সূত্রে জানা গেছে, প্রশিক্ষণ বিমানটির চালক ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির গুরুতর আহত হয়েছেন।
এদিকে, জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আরও ১৩ জন আহতকে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাচ্ছেন। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়, তবে এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় বিমানবাহিনী ও প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


