বাংলাদেশের অগ্নি দুর্ঘটনায় তদন্ত সক্ষমতা বাড়াতে প্রযুক্তিগত সহায়তা ও প্রশিক্ষণ দেওয়ার আশ্বাস দিয়েছে ইতালি। গত ১৬ অক্টোবর ইতালির রোমে স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল এবং ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি নেতৃত্বাধীন প্রতিনিধিদলের মধ্যে এক দ্বিপাক্ষিক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে অনিয়মিত অভিবাসন, মানব ও অর্থ পাচার, আর্থিক অপরাধ দমন এবং অগ্নি তদন্ত সক্ষমতা বৃদ্ধিসহ পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা হয়েছে। উভয় দেশ অভিবাসন ব্যবস্থাপনা ও পাচার রোধে যৌথ নিরাপত্তা সংলাপ, গোয়েন্দা তথ্য বিনিময় এবং আইন প্রয়োগকারী সংস্থার যৌথ অভিযান পরিচালনায় সম্মত হয়েছে।
এছাড়া, মানব পাচার মোকাবিলায় যৌথ টাস্কফোর্স গঠন, ভুক্তভোগী পুনর্বাসন, বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ ও আর্থিক অপরাধে পারস্পরিক আইনি সহায়তা চুক্তি (এমএলএটি) স্বাক্ষরের প্রস্তাব তোলা হয়। বৈঠককে উভয় পক্ষ ভবিষ্যৎ সহযোগিতা ও অংশীদারিত্বের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করেছে।
