আসন্ন জাতীয় নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশ সফর এড়াতে নির্দেশ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সম্প্রতি এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, মন্ত্রিপরিষদ সচিব এবং সব উপদেষ্টার একান্ত সচিবদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, পূর্বে বিদেশ ভ্রমণ সীমিতকরণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয় ও অর্থ বিভাগের নির্দেশনা থাকা সত্ত্বেও অনেক মন্ত্রণালয়ের কর্মকর্তা একই সময়ে বিদেশ সফরে যাচ্ছেন।
পরিপত্রে উল্লেখ করা হয়, একই মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা বা উপদেষ্টা একসঙ্গে বিদেশ সফরে গেলে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে, যা আগের নির্দেশনার পরিপন্থি।
এ কারণে নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া কোনো সরকারি কর্মকর্তা বিদেশ সফরে যেতে পারবেন না। পরিপত্রের নির্দেশনা কঠোরভাবে প্রতিপালনের নির্দেশও দেওয়া হয়েছে।
