শুক্রবার | জুলাই ১৭ | ২০২৬

সংবাদ প্রবাহ ডেস্ক:
​ফরিদপুরে মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। গতকাল সন্ধ্যার পর ফরিদপুর শহরের টেপাখোলা এলাকায় জেলা আওয়ামী লীগের ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর টেপাখোলা বনলতা সিনেমা হলের সামনে থেকে মিছিলটি শুরু হয়। এরপর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে লেকপাড় সোনালী ব্যাংকের মোড়ে গিয়ে এটি শেষ হয়।

​মিছিলে অংশ নেওয়া নেতা-কর্মীদের ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘ফরিদপুরের মাটি, আওয়ামী লীগের ঘাঁটি’, এবং ‘অবৈধ নিষেধাজ্ঞা মানি না, মানব না’ ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর ফরিদপুরে আওয়ামী লীগের ছোট ছোট কিছু মিছিল পূর্বেও হয়েছে। তবে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পর সেখানে দলটির এমন প্রকাশ্য বড় কর্মসূচি এটিই প্রথম।

​মশাল মিছিলের পর আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আকস্মিক মিছিলকে কেন্দ্র করে শহরজুড়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও উত্তেজনা বিরাজ করছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্ক অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন।

মিছিলের পর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা যুবলীগের দুইজনকে আটক করে পুলিশে দেয়

শেষ খবর পাওয়া পর্যন্ত মিছিলের ঘটনায় সোমবার (১৫ জুন) সন্ধ্যায় দুইজনকে আটক করে পুলিশে দেয় বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক নেতাকর্মীরা। আটককৃতরা হলেন- যুবলীগ নেতা খসরু ও আনন্দ ফকির। তাদের আটক করে পুলিশে খবর দিলে কোতয়ালী থানার এসআই বাশারের নেতৃত্বে পুলিশের একটি ফোর্স তাদের থানায় নিয়ে যায়।

Share.
Exit mobile version