মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

পুরান ঢাকার সূত্রাপুর এলাকায় ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে দুর্বৃত্তদের গুলিতে তারিক সাইফ মামুন (৫৫) নিহত হয়েছেন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, গোলাগুলির শব্দ শুনে তারা মেইন গেটের কাছে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

নিহতের খালাতো ভাই হাফিজ জানিয়েছেন, তারিক সাইফ মামুন একজন সাধারণ মানুষ ছিলেন এবং কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। হত্যা কেন বা কারা করেছে তা তারা জানেন না। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজন অস্ত্রধারী এসে হাসপাতালের সামনের রাস্তায় তাকে লক্ষ্য করে গুলি করেন এবং ঘটনাস্থল ত্যাগ করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Share.
Exit mobile version