মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

দক্ষিণ আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪২ জন নিহত হয়েছেন। রোববার (১২ অক্টোবর) স্থানীয় সময় সন্ধ্যার দিকে লিম্পোপো প্রদেশের মাখাদো শহরের কাছে একটি মহাসড়কের খাড়া পাহাড়ি পথে চলন্ত বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

দক্ষিণ আফ্রিকার জরুরি সেবা বিভাগ জানিয়েছে, উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এখন পর্যন্ত ৩০ জনের বেশি আহতকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উল্টে যাওয়া বাসের ভেতরে এখনো কিছু যাত্রী আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকারি সম্প্রচারক এসএবিসি জানিয়েছে, নিহতদের মধ্যে ১৮ জন নারী, ১৭ জন পুরুষ ও ৭ জন শিশু রয়েছেন। লিম্পোপো প্রদেশের পরিবহন কর্মকর্তা ভায়োলেট ম্যাথি জানান, নিহতদের মধ্যে ১০ মাস বয়সী এক শিশুও রয়েছে।

বাসটি দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের গেকেবারহা থেকে যাত্রা শুরু করে জিম্বাবুয়ে ও মালাউই যাচ্ছিল। সোমবার (১৩ অক্টোবর) উদ্ধার অভিযান অব্যাহত থাকায় দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের সংযোগকারী মহাসড়কের উভয় দিক বন্ধ ছিল।

লিম্পোপো প্রদেশের রাজনীতিবিদ ফোফি রামাথুবা দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে গিয়ে বেঁচে যাওয়া যাত্রীদের সঙ্গে দেখা করেন। তিনি বলেন, “একটি ঘটনায় এত প্রাণহানি ভাষায় প্রকাশ করা কঠিন।”

কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ তদন্ত করছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারান। প্রাদেশিক সরকার জানিয়েছে, বেঁচে যাওয়া ব্যক্তিদের মানসিক সহায়তা ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার সড়কগুলো বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ রাস্তাগুলোর মধ্যে অন্যতম। প্রতিবছর দেশটিতে হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

Share.
Exit mobile version