ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রোববার (১২ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বাশার রোডসংলগ্ন উত্তর পাশে অবস্থিত ‘এম ই এস বিল্ডিং নম্বর–৫৪’কে সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে শনিবার (১১ অক্টোবর) ঢাকা সেনানিবাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ সেনাবাহিনী জানায়, মানবতাবিরোধী অপরাধ ও গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের জারিকৃত গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীর ১৫ কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে সেনাবাহিনীর অতিরিক্ত মহাপরিচালক মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান বলেন, গ্রেপ্তারদের মধ্যে ১৪ জন কর্মরত কর্মকর্তা এবং একজন অবসরোত্তর ছুটিতে (এলপিআর) আছেন। এছাড়া মেজর জেনারেল কবীর আহাম্মদ নামে এক কর্মকর্তা নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
গত বুধবার আওয়ামী লীগ সরকারের সময় সংঘটিত গুমের ঘটনায় দায়ের করা দুটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর মধ্যে ২৫ জন সেনাবাহিনীর বর্তমান ও সাবেক কর্মকর্তা।
দুই মামলায়ই শেখ হাসিনা ও তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকীর নাম রয়েছে। ২৮ আসামির মধ্যে ১৭ জনের বিরুদ্ধে র্যাবের টিএফআই সেলে এবং ১৩ জনের বিরুদ্ধে জেআইসি সেলে নির্যাতনের অভিযোগ আনা হয়েছে।
মেজর জেনারেল হাকিমুজ্জামান বলেন, “২৫ জনের মধ্যে ৯ জন অবসরপ্রাপ্ত, ১ জন এলপিআরে, এবং ১৫ জন কর্মরত কর্মকর্তা। তাদের মধ্যে ১৫ জন সেনাসদরে হাজির হয়েছেন এবং তারা পরিবার থেকে পৃথক অবস্থায় রয়েছেন।”
