মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল পরিচালনায় সুইজারল্যান্ডের লজিস্টিক প্রতিষ্ঠান মেডলগ সাথে ২২ বছরের কনসেশন চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আনুষ্ঠানিকভাবে এই দীর্ঘমেয়াদি চুক্তি সই হয়। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান এবং মেডলগ বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এটিএম আনিসুল মিল্লাত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বন্দর ব্যবস্থাপনার ইতিহাসে এই দিনটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ঢাকা–মাওয়া–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে থেকে মাত্র তিন কিলোমিটার দূরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত পানগাঁও টার্মিনালের ব্যবস্থাপনা চুক্তি বাংলাদেশের লজিস্টিক অবকাঠামো উন্নয়নে নতুন যুগের সূচনা করবে।

তিনি আরও বলেন, মেডলগের বৈশ্বিক অভিজ্ঞতা ও আমাদের কৌশলগত পরিকল্পনা অভ্যন্তরীণ লজিস্টিক খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করবে। এ বিনিয়োগ দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশকে আঞ্চলিক লজিস্টিক হাবে পরিণত করবে।

নতুন কনসেশন চুক্তির আওতায় মেডলগ টার্মিনালের কার্যক্রম, অটোমেশন, সরবরাহ ব্যবস্থাপনা ও পরিচালনার দায়িত্ব নেবে। বৈশ্বিক লজিস্টিক দক্ষতা ও উন্নত প্রযুক্তি ব্যবহার করে অভ্যন্তরীণ সরবরাহ ব্যবস্থাকে আধুনিকায়ন করবে এবং বছরে ১ লাখ ৬০ হাজার টিইইউ পর্যন্ত কন্টেইনার হ্যান্ডলিং সক্ষমতা বাড়াবে।

মাল্টিমোডাল সংযোগ আরও শক্তিশালী করতে দেশে ক্রমবর্ধমান বাণিজ্য ব্যবস্থাকে আরও গতিশীল করতে চায় মেডলগ। অভ্যন্তরীণ নৌপথে সংযোগ বাড়াতে বার্জ ভাড়া করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এতে আন্তঃমোডাল পরিবহন সুবিধা বৃদ্ধি পাবে, লিড টাইম নিশ্চিত হবে এবং আমদানিকারক ও রপ্তানিকারকরা দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মেডলগ কর্তৃপক্ষ।

Share.
Exit mobile version