মঙ্গলবার | সেপ্টেম্বর ১ | ২০২৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার প্রদেশের স্পিন বোল্ডাক এলাকায় পাকিস্তানি বাহিনীর হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত চলা এই হামলায় প্রায় ১০০ জন আহত হয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, হামলায় নিহতরা সবাই আফগান নাগরিক। তিনি দাবি করেন, আফগান বাহিনী পাল্টা হামলা চালিয়ে বহু পাকিস্তানি সেনাকে হত্যা করেছে এবং কয়েকটি ঘাঁটি ও ট্যাংক দখল করেছে।

অন্যদিকে পাকিস্তানের সামরিক জনসংযোগ দপ্তর (আইএসপিআর) জানায়, আফগান তালেবানরা স্পিন বোল্ডাকে চারটি স্থানে ‘কাপুরুষোচিত হামলা’ চালায়, যা পাকিস্তানি সেনারা প্রতিহত করেছে। আইএসপিআর দাবি করেছে, ওই সংঘাতে ১৫ থেকে ২০ জন আফগান তালেবান নিহত হয়েছেন।

দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় সীমান্ত অঞ্চলে উত্তেজনা বাড়ছে। বন্ধ হয়ে গেছে চামন সীমান্ত দিয়ে যাতায়াত ও পণ্যবাণিজ্য। এতে কাবুলে পণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

তবে কাবুল ও অন্যান্য শহরে এখনো পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দোকানপাট, স্কুল ও অফিস খোলা রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share.
Exit mobile version