বুধবার | মার্চ ৪ | ২০২৬

স্মরণকালের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে নরসিংদীতে দুইজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়েছেন। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটে রিখটার স্কেলে ৫.৭ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী। কয়েক সেকেন্ডের তীব্র ঝাঁকুনিতে জেলার বিভিন্ন স্থানে ঘরবাড়ি, ভবন ও স্থাপনায় ফাটল দেখা দেয় এবং বহু ঘর ধসে পড়ে।

অতিরিক্ত জেলা প্রশাসক আবুল তাহের মোহাম্মদ শামসুজাম্মান জানান, গুরুতর আহত অবস্থায় ঢাকায় নেওয়ার পথে মালিতা গ্রামের কাজম আলী ভূঁইয়া (৭০) ও সদর উপজেলার শিশু ওমর ফারুক (৮) মারা যান। নরসিংদী সদর ও পলাশ উপজেলায় আহতের সংখ্যা সবচেয়ে বেশি। সদর হাসপাতালে ৫৭ জন এবং জেলা হাসপাতালে ১৩ জনসহ মোট ৭০ জন চিকিৎসাধীন আছেন।

ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রেও বড় ধরনের ক্ষতি হয়েছে। সাবস্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। পলাশ, শিবপুর, রায়পুরা, মনোহরদী, বেলাব ও মাধবদীর অনেক ভবন ও ফসলি জমিতেও ফাটল দেখা গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।

Share.
Exit mobile version