শান্তিপ্রিয় জাতি হিসেবে বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও বৈশ্বিক সহবস্থানে বাংলাদেশ বিশ্বাসী বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। শুক্রবার (২১ নভেম্বর) সশস্ত্রবাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জুলাই অভ্যুত্থান ও চলমান রাষ্ট্র সংস্কারে সেনাবাহিনী জনগণের আস্থার প্রতি সম্মান জানিয়ে দায়িত্ব পালন করে যাচ্ছে।
তিনি জানান, দেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং নির্বাচন উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট আমলে সশস্ত্র বাহিনীর দক্ষতা বৃদ্ধি হয়নি; অন্তর্বর্তী সরকার সেই সক্ষমতা জোরদারে কাজ করছে।
জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহীনীর অবদান এবং নারী শান্তিরক্ষী প্রেরণে অগ্রগামীতার প্রসঙ্গ তুলে তিনি এটিকে জাতির গৌরব বলে উল্লেখ করেন। বক্তব্যের শুরুতেই ভূমিকম্পে হতাহতের ঘটনায় গভীর শোক জানান তিনি এবং স্বাধীনতা যুদ্ধ ও ২০২৪-এর অভ্যুত্থানের শহীদদের স্মরণ করেন।
