ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় চোলাইমদ সেবন করে মাতলামির অভিযোগে উপজেলা মৎস্য অফিসের এক কর্মচারীসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার রাতে মান্দা থানার এসআই তরিকুল ইসলাম সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এলাকায় দায়িত্ব পালন করছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের শ্রী নিশীথ হাওলাদারের বাড়িতে কয়েকজন ব্যক্তি চোলাইমদ পান করে মাতলামি করছেন। পরে বিষয়টি থানার ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়ে সেখানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতিতে মদ্যপানের অভিযোগে ১০ জনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, চক উদয়নারায়ণ গ্রামের মজিবর রহমানের ছেলে রেজাউল করিম (৩৮), দক্ষিণ নুরুল্যাবাদ গ্রামের মামুনুর রশিদ মামুন (৪১), আজিমুদ্দিন (৪৫), আশরাফুল ইসলাম (৩৫), গজেন হাওলাদার (৫০), আমিনুল ইসলাম বাবু (৩০), সাইদুল ইসলাম (৩৫), নিশীথ হাওলাদার (৩৩), পরিতোষ (৩৩) এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারী পলাশ কুমার (৩৮)।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

