মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

উজানে ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলের প্রভাবে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়ে আজ রোববার সকালে বিপৎসীমা ছুঁয়েছে। সকাল ৯টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা ব্যারেজে পানির উচ্চতা বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার ছুঁয়ে যায়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, রোববার ভোর থেকে পানির প্রবাহ বাড়তে থাকে। সকাল ৬টায় নদীর পানি ছিল বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচে, আর তিন ঘণ্টা পর তা গিয়ে দাঁড়ায় বিপৎসীমার ঠিক সমান উচ্চতায়। এর আগের দিন, শনিবার সকাল ৯টায় পানি ছিল বিপৎসীমার ৩৫ সেন্টিমিটার নিচে।

পানির এই বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নসহ কয়েকটি নিম্নাঞ্চল ও চরাঞ্চলে নদীর পানি ঢুকে পড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

পূর্ব ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ খান বলেন, নদীর পানি হঠাৎ বেড়ে যাওয়ায় এলাকার মানুষ সতর্কাবস্থায় রয়েছে। তবে এখনো তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, “পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। ব্যারেজের সবগুলো, অর্থাৎ ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে, যাতে অতিরিক্ত পানি দ্রুত প্রবাহিত হতে পারে।”

তিনি আরও জানান, পানি বৃদ্ধির প্রবণতা অব্যাহত থাকলে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share.
Exit mobile version