মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ১২ জনের মৃত্যু হয়েছে, যা চলতি ডেঙ্গু মৌসুমে একদিনে সর্বোচ্চ প্রাণহানি হিসেবে রেকর্ড হলো। পাশাপাশি, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪০ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় এই মৃত্যু ও আক্রান্তের তথ্য স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মৃত্যুর মধ্যে বরিশাল বিভাগে ৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২ জন এবং চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে একজন করে প্রাণ হারিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জন নারী এবং ৬ জন পুরুষ। বয়সভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, মৃতদের মধ্যে ৪ জন ২৬–৩০ বছর, ৩ জন ৩১–৩৫ বছর এবং ২ জন ৩৬–৪০ বছরের মধ্যে ছিলেন।

২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৭৪০ জন রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ৭৭ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১৪৭ জন, ঢাকা উত্তর সিটিতে ১২২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ১১৫ জন, খুলনা বিভাগে ৫২ জন, ময়মনসিংহে ২২ জন, রাজশাহীতে ২৮ জন, রংপুরে ৩ জন এবং সিলেটে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৫৬ জন রোগী চিকিৎসাধীন, এবং সারাদেশে মোট ২ হাজার ২১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত ৪১ হাজার ৮৩১ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এই রোগের কারণে এখন পর্যন্ত মোট ১৭৯ জনের মৃত্যু ঘটেছে, যার মধ্যে ৫১.৪ শতাংশ পুরুষ এবং ৪৮.৬ শতাংশ নারী।

ইতিমধ্যে ৩৯ হাজার ৬৩১ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে নতুন ভর্তি রোগী সংখ্যা ৪২০ জন।

Share.
Exit mobile version