শনিবার | জুলাই ১৮ | ২০২৬

ইকবাল মোহাম্মদ জাফর, ইউরোপ:

ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনস্যুলার সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ দূতাবাস, প্যারিস। সভায় দূতাবাসের চলমান ও নতুন বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয় এবং প্রবাসীদের প্রশ্ন ও মতামত গ্রহণ করা হয়।

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময় সভা
ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময় সভা

১৬ই জুলাই বৃহস্পতিবার প্যারিসের বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় রাষ্ট্রদূত বলেন, প্রবাসীদের হয়রানি কমিয়ে সেবা আরও সহজ ও সময়োপযোগী করতে দূতাবাস নিরলসভাবে কাজ করছে।

সভায় জানানো হয়, অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে প্রবাসীদের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, তা দূর করতে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি ফ্রান্স সরকারের প্রিফেকচার অফিসে রেসিডেন্ট পারমিট আবেদনের জন্য ইতোমধ্যে অ্যাপয়েন্টমেন্টপ্রাপ্ত প্রবাসীদের সুবিধার্থে আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট ও ২২ আগস্ট বিশেষ পাসপোর্ট সেবা প্রদান করা হবে।

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের মতবিনিময় সভা

এ ছাড়া ১৬ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নতুন স্লট প্রকাশ করা হবে। প্রতিদিনের নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টের একটি অংশ নতুন আবেদনকারীদের জন্য এবং বাকি অংশ পূর্বে ই-মেইলে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে বলেও জানানো হয়।

মতবিনিময় সভায় ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সহ-সভাপতি শাহ্ জামাল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, জুনায়েদ আহমেদ, নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক মিল্টন সরকার, শ্যামল দাস, নূরুল ইসলামসহ আরও অনেকে।

সভায় অংশ নেওয়া প্রবাসীরা দূতাবাসের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে কনস্যুলার সেবা গ্রহণ আরও সহজ ও কার্যকর হবে। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের মতবিনিময় সভা নিয়মিত আয়োজনের আহ্বান জানান তারা।

Share.
Exit mobile version