প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ সোমবার (১৩ অক্টোবর) ইতালির রোমে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) আয়োজিত ওয়ার্ল্ড ফুড ফোরামের (ডব্লিউএফএফ) উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য দেবেন। রোমের সময় দুপুর ২টা (বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা) এ বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, মূল বক্তব্যের পর অধ্যাপক ইউনূস গ্লোবাল অ্যালায়েন্সের অফিস পরিদর্শন করবেন। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার সঙ্গে তাঁর বৈঠক নির্ধারিত আছে।
বিকেল ৪টা ৩০ মিনিটে রোমের মেয়র রবার্তো গুয়ালতিয়েরি এবং বিকেল ৫টা ১৫ মিনিটে জিবুতির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।
দিনশেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে এফএও মহাপরিচালক ড. কু দোংইউ প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
