মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের স্বার্থে এনসিপি এককভাবেও নির্বাচনে যেতে পারে, আবার কোনো জোটের মাধ্যমেও অংশ নিতে পারে। তবে যদি জোট হয়, এনসিপি নামেই নির্বাচনে যাবে।

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে জেলা ও উপজেলার সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, “আমরা প্রত্যাশা করছি, শাপলা প্রতীকেই নির্বাচন করব।”

শাপলা প্রতীক প্রসঙ্গে সারজিস আলম বলেন, “আমরা আইন বিশেষজ্ঞ, সচিব এবং নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। শাপলা প্রতীক দেওয়ায় আইনগত কোনো বাধা নেই। আমরা আশা করি, স্বাধীন নির্বাচন কমিশন কোনোভাবে প্রভাবিত হবে না এবং আমরা এই প্রতীকেই নির্বাচনে অংশ নিতে পারব।”

ফেব্রুয়ারিতে নির্বাচন হলে এনসিপির অবস্থান কী হবে—এমন প্রশ্নে তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন এবং গণ–অভ্যুত্থানের সময় হত্যায় জড়িতদের বিচার দৃশ্যমান হলে নির্বাচনে যেতে আপত্তি নেই।

তিনি আরও জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাঁদের জানিয়েছেন, শেখ হাসিনাসহ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের রায় ডিসেম্বরের মধ্যেই কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।

সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি বিষয়ে সারজিস আলম বলেন, “এনসিপি উচ্চকক্ষে পিআরের পক্ষে, তবে নিম্নকক্ষে এখনই নয়। এটি বাস্তবায়ন হলে ভবিষ্যতে জনগণই সিদ্ধান্ত নেবে নিম্নকক্ষে পিআর প্রযোজ্য হবে কি না।”

Share.
Exit mobile version