মঙ্গলবার | মার্চ ৩ | ২০২৬

“মিশিগান” শব্দটি এসেছে Ojibwe আদিবাসীদের ভাষা থেকে, যার অর্থ—‘Great Water’ বা ‘মহা জলরাশি’। যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলে অবস্থিত এই রাজ্যটি তার বিশাল জলাধার, প্রশস্ত রাস্তা এবং সাশ্রয়ী জীবনের সুযোগ-সুবিধা দিয়ে আজ বহু অভিবাসীর কাছে হয়ে উঠেছে এক আকর্ষণীয় গন্তব্য। আয়তনে এটি প্রায় বাংলাদেশের দেড় গুণ বড়—প্রায় ২৫০,৪৯৩ বর্গকিলোমিটার। কিন্তু জনসংখ্যা মাত্র এক কোটি। তুলনামূলকভাবে কম জনসংখ্যা ও বিস্তৃত এলাকা এই রাজ্যকে করেছে বসবাসযোগ্য ও শান্তিপূর্ণ। বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের একটি বড় অংশ এখন মিশিগানকেই বেছে নিচ্ছেন।

নিউইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার মতো ব্যয়বহুল বড় শহরগুলোর তুলনায় মিশিগানে বসবাসের খরচ অনেক কম। নিউইয়র্কে যেখানে একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টের ভাড়া ২০০০ ডলার ছাড়িয়ে যায়, সেখানে মিশিগানে সেটা পাওয়া যায় মাত্র ৯০০ থেকে ১২০০ ডলারের মধ্যেই। এমনকি বাড়ি কিনতেও এখানে এখনও তুলনামূলকভাবে কম খরচ হয়—$১৫০,০০০-এ ভালো অবস্থার বাড়ি পাওয়া সম্ভব, যা একটি পরিবারের জন্য স্বস্তির এক নতুন দিগন্ত খুলে দেয়।

জীবনযাত্রা এখানে শুধু সাশ্রয়ীই নয়, সুসংগঠিতও। যানজট নেই বললেই চলে। অফিস, স্কুল, হাসপাতাল কিংবা বাজারে যেতে সময়মতো পৌঁছানো যায়, যা নিউইয়র্কের মতো শহরে প্রায় স্বপ্ন। পরিবার নিয়ে যারা এসেছেন বা আসতে চান, তাদের জন্য মিশিগান সত্যিই এক সহায়ক পরিবেশ গড়ে তুলেছে। ছোটদের জন্য আশেপাশেই রয়েছে খেলার পার্ক, এবং স্কুল-কলেজে যাতায়াতের জন্য রয়েছে নির্ভরযোগ্য বাস সার্ভিস। স্কুলের মান ভালো, অনেক জায়গায় চার্টার স্কুল ও ইসলামিক স্কুলেরও সুযোগ রয়েছে। এছাড়া আমেরিকার সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকার ২৭৫টির মধ্যে ১০টি এই মিশিগানে অবস্থিত, যেখানে আমেরিকার পাবলিক বিশ্ববিদ্যালয় র‌্যাংকিংয়ে ৩য় অবস্থান দখলে রেখেছে।

ধর্মীয় জীবনেও মিশিগান এক অনন্য জায়গা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মসজিদ Islamic Center of America (ডিয়ারবর্নে অবস্থিত) এবং ২য় বৃহত্তম মসজিদ Muslim Unity Center (ব্লুমফিল্ড হিলসে)—দুটিই মিশিগানে। জুমার দিনগুলো এখানে শুধু প্রার্থনার সময় নয়, বরং যেন ছোটখাটো মিলনমেলা। ধর্মীয় শিক্ষার পাশাপাশি সামাজিক বন্ধন গড়ে ওঠে এই মসজিদকেন্দ্রিক জীবনে। এখানের মসজিদগুলোতে ২/৩ বার করে জামাত হয়, যেখানে সবার জামাতে নামাজ আদায় করার সুযোগ থাকে। বিশ্বের খুবই কম দেশের মুসল্লিরা এই সুযোগ পেয়ে থাকেন।

অর্থনৈতিক দিক থেকেও মিশিগান বাঙালিদের জন্য বেশ সহায়ক। এখানে রয়েছে জেনারেল মোটরস, ফোর্ড, ক্রাইসলারসহ আমেরিকার সব বড় গাড়ি কোম্পানির কারখানা। এই সব জায়গায় উৎপাদন, মেইনটেন্যান্স, ওয়্যারহাউজ বা প্যাকেজিংয়ের কাজে চাকরি পাওয়া তুলনামূলকভাবে সহজ। অনেক নতুন অভিবাসী পরিবার খুব অল্প সময়েই নিজেদের খরচ মেটাতে সক্ষম হন, কেউ কেউ অল্প কয়েক বছরের মধ্যেই গাড়ি-বাড়ি করে ফেলেন। এখানে উল্লেখ করা যায়—আমেরিকার মধ্যে সব চাইতে বড় ২টি মর্টগেজ কোম্পানির হেড অফিস এই মিশিগানেই আছে। এই কোম্পানিগুলো আমেরিকার ৫০টি স্টেটে বাড়িঘর কিনতে লোন দেওয়ার ক্ষমতা রাখে।

ডেট্রয়েট, হ্যামট্রাম্যাক, ওয়ারেন, স্টার্লিং হাইটস, ডিয়ারবর্ন এবং অ্যান আরবার—এই শহরগুলোতে গড়ে উঠেছে শক্তিশালী বাঙালি কমিউনিটি। হ্যামট্রাম্যাক তো এখন “ছোট ঢাকা” নামেই পরিচিত। বাংলা বাজার, হালাল রেস্টুরেন্ট, কাঁচাবাজার, মসজিদ, এমনকি বাংলা ভাষায় নাম লেখা দোকান—সবই মিলবে এখানে। কেউ নতুন এলে, খুব বেশিদিন একা থাকতে হয় না। সকল বাঙালি কমিউনিটির মানুষ নতুন আগমনকারীদের উৎসাহ এবং সকল ক্ষেত্রে সহযোগিতা করে থাকেন।

এমন এক প্রবাসজীবন যেখানে পরিবারের জন্য স্বস্তি আছে, শিশুদের জন্য শিক্ষার ব্যবস্থা আছে, ধর্মের জন্য সম্মান আছে, কাজের জন্য সুযোগ আছে—তেমন জায়গার নামই মিশিগান।

আর হ্যাঁ, ইতিহাসও এখানে থেমে থাকেনি। ১৭৭৬ সালের ৪ জুলাই আমেরিকা যখন ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে, তখন এই দেশটি ছিল নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি। সেই প্রতিশ্রুতি আজও বেঁচে আছে—বিশেষ করে মিশিগানের মতো রাজ্যে, যেখানে এখনো একজন প্রবাসী পরিবার নিয়ে শান্তিতে ও সম্মানে বাঁচতে পারে।

যারা আমেরিকায় নতুন শুরু করতে চান, ব্যস্ততা নয় বরং স্বস্তিকে বেছে নিতে চান, তারা নিশ্চিন্তে মিশিগানকে বিবেচনায় রাখতে পারেন। এই রাজ্য নতুন আসা অভিবাসীদের কাছে কেবল একটা জায়গা নয়—এটা এক নতুন সম্ভাবনার নাম।\

খসরু খান

লেখক, কলামিস্ট ও পর্যটক। সমসাময়িক রাজনীতি, সমাজ ও সংস্কৃতি নিয়ে তিনি নিয়মিত লেখেন দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমে। বিশ্বজুড়ে ভ্রমণের অভিজ্ঞতা ও পর্যবেক্ষণ তাঁর লেখায় অনন্য বৈচিত্র্য ও গভীরতা যোগ করে।

Share.
Exit mobile version