যুক্তরাজ্যভিত্তিক খ্যাতনামা শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন (THE) প্রকাশিত ২০২৬ সালের বিশ্ব বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে গত বছরের তুলনায় ২০০ ধাপ এগিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। এ বছর প্রতিষ্ঠানটির অবস্থান ৮০১–১০০০-এর মধ্যে, যা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সর্বোচ্চ।
বুধবার (৮ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশন-এর অফিসিয়াল ওয়েবসাইটে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়। এতে বিশ্বের মোট ৩ হাজার ১১৮টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ছিল ১০০১–১২০০-এর মধ্যে। এবার গবেষণার মান, গবেষণা পরিবেশ এবং শিল্পক্ষেত্রের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নতির ফলে অবস্থান উন্নীত হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গবেষণা পরিবেশ সূচকে ঢাবির স্কোর ১০.৩ থেকে বেড়ে হয়েছে ১৩.৩, গবেষণার মান সূচকে ৬৭.২ থেকে ৭৬.৫, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ২১.৪ থেকে ৩৩.২, শিক্ষা সূচকে ১৭.৭ এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে ৪৫ পয়েন্ট।
র্যাঙ্কিংয়ে অবস্থান উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে একটি ১৬ সদস্যের কমিটি কাজ করছে। উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের দিকনির্দেশনায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের নেতৃত্বে এই কমিটি গঠিত হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন অনুষদ ও ইনস্টিটিউটের জ্যেষ্ঠ শিক্ষকরা এতে সদস্য হিসেবে রয়েছেন।
উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এই অর্জনকে “শিক্ষক-শিক্ষার্থী ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টার ফল” বলে উল্লেখ করেন এবং সবাইকে অভিনন্দন জানান।
এছাড়া বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাজ্যভিত্তিক গবেষণা সংস্থা কিউএস (Quacquarelli Symonds) র্যাঙ্কিংয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সেরা অবস্থানে রয়েছে। সেখানে এ বছর বিশ্ববিদ্যালয়টির অবস্থান ৫৮৪তম।

