জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর পূর্ণাঙ্গ খসড়া পাঠিয়েছে। এই সনদের সঙ্গে যুক্ত করা হয়েছে ৮ দফা অঙ্গীকারনামা। শনিবার, ১৬ আগস্ট, খসড়াটি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে পৌঁছানো হয়। কমিশন জানিয়েছে, সনদের ভাষা, শব্দ, বাক্যগঠন বা প্রস্তাব বিষয়ে কোনো মন্তব্য থাকলে তা আগামী বুধবার, ২০ আগস্ট বিকেল ৪টার মধ্যে কমিশনের কার্যালয়ে জমা দিতে হবে।
অঙ্গীকারনামায় বলা হয়েছে, বাংলাদেশের সাংবিধানিক কনভেনশনের ইতিহাস যেমন মুক্তিযুদ্ধ পরবর্তী এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে গড়ে উঠেছিল, তেমনি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানকেও সেই ধারাবাহিকতায় স্বীকৃতি দেওয়া হবে। জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই সনদে স্পষ্ট করা হয়েছে, রাজনৈতিক দলগুলো একসঙ্গে নতুন রাজনৈতিক বন্দোবস্ত বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।
অঙ্গীকারনামার প্রথম দফায় বলা হয়, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামের ধারাবাহিকতায় জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান ছিল ঐতিহাসিক মাইলফলক। এর ত্যাগ ও রক্তদানকে সম্মান জানিয়ে সনদ বাস্তবায়ন নিশ্চিত করা হবে। দ্বিতীয় দফায় উল্লেখ করা হয়, জনগণের অভিপ্রায়কে সর্বোচ্চ আইন হিসেবে স্বীকৃতি দিতে এই সনদ সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। কোনো বিদ্যমান আইনের সঙ্গে সনদের প্রস্তাব ভিন্ন হলে সনদের বিধানকেই প্রাধান্য দেওয়া হবে।
তৃতীয় ও চতুর্থ দফায় বলা হয়েছে, সনদের ব্যাখ্যা সংক্রান্ত চূড়ান্ত এখতিয়ার থাকবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে, আর সনদের বৈধতা বা কর্তৃত্ব নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না। পঞ্চম দফায় সংবিধান, বিচারব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, জনপ্রশাসন, পুলিশ ও দুর্নীতি দমন ব্যবস্থায় প্রয়োজনীয় সংশোধন ও নতুন আইন প্রণয়নের অঙ্গীকার রয়েছে।
ষষ্ঠ দফায় গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠার জন্য জুলাই অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার ঘোষণা এসেছে। সপ্তম দফায় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, গণঅভ্যুত্থানকালে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা, পরিবারগুলোর সহায়তা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা হবে। অষ্টম দফায় বলা হয়েছে, অবিলম্বে বাস্তবায়নযোগ্য প্রস্তাবগুলো কোনো দেরি ছাড়াই পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে কার্যকর করতে হবে।
জাতীয় ঐকমত্য কমিশন বলছে, এই খসড়ায় রাজনৈতিক দলগুলোর মতামত যোগ হওয়ার পরই ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর চূড়ান্ত রূপ প্রকাশ করা হবে।

