রাজধানীতে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে আবারও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামীকাল রোববার (১২ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
শনিবার (১১অক্টোবর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬)-এর ২৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতির সরকারি বাসভবন, বিচারপতি ভবন, জাজেস কমপ্লেক্স, বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান গেট, মাজার গেট, জামে মসজিদ গেট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ ও ২-এর প্রবেশ গেট এবং বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের সামনে সকল প্রকার সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা আয়োজন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, বিভিন্ন দাবি-দাওয়া আদায় বা প্রতিবাদ কর্মসূচির নামে সড়ক অবরোধ করে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি না করতে সকলকে অনুরোধ করা হচ্ছে।
এর আগে গত ৬ অক্টোবর রাজধানীর জনশৃঙ্খলা রক্ষা ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নিরাপত্তার স্বার্থে কয়েকটি এলাকায় একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছিল ডিএমপি।

