ওয়াসিম আকরাম, নওগাঁ: নওগাঁর মান্দায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার ১২৬টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, প্রশাসনের কর্মকর্তা ও সনাতন ধর্মাবলম্বী নেতারা অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ আতিয়া খাতুনের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম। সভায় আসন্ন দুর্গাপূজাকে ঘিরে মণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, সরকারি সহায়তা, বিদ্যুৎ সরবরাহ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, মান্দা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আলেপ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা যুব জামায়াতের সভাপতি আব্দুল মালেক, মান্দা পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম হাসান আলী, উপজেলা ভিডিপি কর্মকর্তা শাহিনুর রহমান এবং সনাতন ধর্মাবলম্বী নেতা বাবু শ্রী সত্যেন্দ্রনাথ প্রামাণিক ও শ্রী মনোজিৎ কুমার।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, পর্যাপ্ত নিরাপত্তার জন্য আনসার ও পুলিশ সদস্য মোতায়েন এবং পূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

